অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে রিয়ালের হার
অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হারের পর জমে উঠেছে স্পেনের লা লিগার শিরোপা লড়াই। শেষ দুই ম্যাচ থেকে ৫ পয়েন্ট হারিয়ে ৬১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই রিয়াল। তবে সেটা আজ হারিয়ে ফেলতে পারে তারা। কারণ, আজ রাতেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়োকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এ ম্যাচে জিতলেই কাতালানরা উঠে যাবে শীর্ষে।
শনিবার অ্যাথলেটিকোর মাঠ সান ম্যামেসে ম্যাচের প্রথমার্ধে তো খুঁজেই পাওয়া যায়নি রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। পুরোটাই ছিল যেন অগোছালো। এরই সুযোগ নিয়ে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ২৬তম মিনিটে মিডফিল্ডার মিকেল রিকোর ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিকদের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্তিজ আদুরিজ।
পিছিয়ে পড়ার পর আক্রমণের ধারও কিছুটা বাড়াতে সক্ষম হয় রোনালদো-বেলরা। কিন্তু প্রথমার্ধে সেটা কোন কাজেই আসেনি। বরং উল্টো শারিরীক প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার দোষে দু’দলের দু’জন করে চারজন দেখেন হলুদ কার্ড।
দ্বিতীয়ার্ধেও অ্যাথলেটিকোকে আরও চাপে রাখে রিয়াল মাদ্রিদ। কিন্তু গোল আদায় করতে ব্যার্থ হয় তারা। খেলার ৬৫ মিনিটে একবার সমতায় ফেরার সুযোগ পেয়েও হারিয়ে ফেলে সেটা। ৭২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন রোনালদো। বাকি সময় আর কোন গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এমআর/এমএস