জয়ের পথে বাংলাদেশ
স্বপ্নীল কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১৬৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে মঈন আলী ও ইয়ান বেল ৪৯ রানের জুটি গড়ে শুভ সূচনা করে। তবে দলীয় ৪৯ রানে মঈন আলী রান আউট হয়ে ফিরলে দলের হাল ধরেন বেল। হেলসকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। মাশরাফির বলে আউট হওয়ার আগে অ্যালেক্স হেলস করেন ২৭ রান। রুবেলের এক ওভারে বেল আর মরগান আউট হলে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। তারপর তাসকিনের বলে ১ রান করে আউট হয় জেমস টেইলর।
এর আগে মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরির উপর ভর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এমআর/আরআই