প্রবাসী অস্ট্রেলিয়ানদের মধ্যে প্রতিবাদের ঝড়
মশিউর রহমান তুহিন, সিডনি: ভারতের কাছে বিতর্কিত ১০৯ রানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না টাইগার সমর্থকরা। সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাইগার সমর্থকরা সামাজিক মাধ্যমগুলোতে তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। সবার একটায় কথা দুই আম্পায়ার আলিম দার এবং ইয়ান গোল্ডের নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে বাংলাদেশ হেরেছে।
ভারতের ইনিংসে রোহিত শর্মা ৯০ রান করার পর রুবেলের বলে নাসির হোসেনের হাতে ধরা পড়েন। কিন্তু, সবাইকে অবাক করে আম্পায়ার ইয়ান গোল্ড নো- বল কল করেন। আবার মাশরাফির বলে এলবিডব্লিউ’র শিকার হয়েছিলেন সুরেশ রায়না, কিন্তু আম্পায়ার নট আউট দেন। এমনকি রিভিউতে দেখা যায় বল নিচু হয়ে লেগ স্ট্যাম্প আঘাত করতো, কিন্তু আম্পায়ার সিদ্ধান্ত বদলায় নি। বাংলাদেশের ইনিংসেও আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয় মাহমুদউল্লাহকে। তার ক্যাচ সীমানার কাছাকাছি নিয়েছিলেন শিখর ধাওয়ান। যাতে পরিষ্কার দেখা যাচ্ছে তার পা সীমানা স্পর্শ করেছে। কিন্তু, আম্পায়ার সরাসরি তাকে আউট ঘোষণা করেন। এই সব বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে যাওয়াতে প্রবাসীরা আইসিসির সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
অস্ট্রেলিয়া প্রবাসী আনিসুর রহমান খেলা দেখতে মেলবোর্ন গিয়েছিলেন সপরিবারে। কিন্তু, দলের পরাজয়ে নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি। তাই ফেসবুকে লিখেছেন আইসিসির এই পক্ষপাতিত্বের কারণে ক্রিকেটের স্পিড নষ্ট হয়ে যাবে এবং আম্পায়াররা বাংলাদেশের সাথে অন্যায় করেছে। প্রবাসী ছাত্র আবদুল্লাহ আল নোমান লিখেছেন, বিশ্বকাপের আয়োজন না করে ভারত চ্যাম্পিয়ন ঘোষণা করলেও তো হয়। প্রবাসী মশিউর রহমান বাবু লিখেছেন, বাংলাদেশ হারে নাই হেরেছে ক্রিকেট। এই দিনটা ক্রিকেটের জন্য কালো দিন। শাওন রেহান ক্ষোভের সাথে লিখেন, ক্রিকেট এখন আর ভদ্র লোকের খেলা নাই। ভারতের টাকার কাছে সব বিক্রি হয়ে গেছে। অনেকে এখনই আইসিসির সভাপতির পদ থেকে লোটাস কামালের পদত্যাগ দাবি করেন।
এমএএস/আরআই