আইসিসি`র `দুর্নীতি`র প্রতিবাদে হ্যাকিং চলবে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আইসিসি’র ‘দুর্নীতি’ এবং `ভারতের প্রতি পক্ষপাত`-এর প্রতিবাদে বাংলাদেশি হ্যাকার গোষ্ঠি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। কোয়ার্টার ফাইনালে আমপায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ভারতের বিপক্ষে বাংলাদেশকে পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করছে হ্যাকাররা।
হ্যাকাররা জানিয়েছে, এবার বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হবে ভারতের ক্রীড়া বিষয়ক সাইটগুলোকে।
খেলা শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকারস গ্রুপ ঘোষণা দেয়,
“আজকের খেলায় আমাদের সাথে অন্যায়ের প্রতিবাদে আমরা বিগ স্কেল অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছি, আজকের টার্গেট হবে সবচাইতে বড় এবং অ্যাটাক হবে ম্যাসিভ! আমাদের চাই প্রচুর লোকবল, তাই আপনার বন্ধুদের গ্রুপে অ্যাড করুন, এবং পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন! আই রিপিট উই নিড হিউজ ম্যান পাওয়ার! দেরি করবেন না, হাতে সময় খুব কম!”
তারা সমস্ত হ্যাকারদের অনুরোধ করেছে নিজেদের কম্পিউটার থেকে অথবা গ্রুপের মাধ্যমে এই প্রতিবাদে অংশ নিতে। তাদের দাবি, ক্রিকেট জেন্টলম্যান’স গেইম ছিল। ভারতের বিপক্ষে খেলার পর সেটি আর বলা সম্ভব নয়।
এদিকে, বিডি হ্যাকারদের এই ঘোষণার পর নিন্দায় মুখর হয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম।
এসআরজে