উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তান-অস্ট্রেলিয়া মুখোমুখি


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপ আসরে ভারত-বাংলাদেশ ম্যাচের পর শুক্রবার আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে মাঠে গড়াবে ৯৯`এর বিশ্বকাপ আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও পাকিস্তানের খেলা। কোয়ার্টার ফাইনালের এিই ম্যাচে দু`দলই চায় সেমিফাইনাল নিশ্চিত করতে। শুক্রবার অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

সদ্যই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া অস্ট্রেলিয়া, গ্রুপ পর্ব শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে। ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের দানবীয় ব্যাটিংয়ের পাশাপাশি অজিদের দলে রয়েছে জনসন-স্টার্কদের মত আগুন ঝরানো বোলার। তবে কোয়ার্টার ফাইনালে অজিদের দলে পরিবর্তন আসতে পারে। কামিন্সের জায়গায় সেরা একাদশে খেলানো হতে পারে পেসার হ্যাজেলউডকে।

অ্যাডিলেডের মাটিতে পাকিস্তানের সাথে মুখোমুখি ৬ দেখায় ৫টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবুও আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাগজের হিসেব নয়, বরং মাঠে নিজেদের উজাড় করে দিয়েই ম্যাচ জিততে চান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, `সেরা খেলাটাই খেলতে হবে আমাদের। কারণ, মাঠের খেলাতেই সব প্রমাণ হবে। আমি মনে করি, পেস বোলাররা এ ম্যাচের ভাগ্য গড়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।`

অন্যদিকে, গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটেই চলে গিয়েছিলো পাকিস্তান। কিন্তু, এরপর টানা চার ম্যাচ জিতে সেরা আট নিশ্চিত করা পাকিস্তান দল, অনুপ্রাণিত হতে পারে ইতিহাস থেকে। ১৯৯২ বিশ্বকাপে মিসবাহদের পূর্বসূরিরা আসরের শুরুর দিকে ধুঁকতে থাকলেও, শেষ পর্যন্ত হয়েছিলো চ্যাম্পিয়ন। বিশ্বকাপ আসরে অজিদের বিপক্ষে পাকিস্তানের রেকর্ডটাও সমানে সমান। মুখোমুখি ৮ দেখায় ৪ হারের বিপরীতে ৪ জয়ের রেকর্ড রয়েছে উপমহাদেশীয় দলটির। তাই তারাও বেশ প্রত্যয়ী জয়ের ব্যাপারে।

পাকিস্তানের অধিনায়ক, মিসবাহ-উল-হক বলেন, `অস্ট্রেলিয়া খুবই আগ্রাসী দল। ওদের বিপক্ষে জয় পেতে আমাদেরও আক্রমণাত্মকভাবে খেলতে হবে।`

তবে, ইনজুরির কারণে দলে নেই ইরফানের মত অ্যাটাকিং বোলার। তার জায়গায় মাঠে নামতে পারে তরুণ এহসান আদিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।