সৌরভ চান ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল
বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে দেখতে চান ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ অ্যাডিলেডে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে অজি বাহিনীকেই এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক৷
সৌরভের সঙ্গে একমত প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল ও প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা৷
চলতি টুর্নামেন্টে পাকিস্তানের চড়াই উতরাই পারফরম্যান্স মন জয় করতে ব্যর্থ ক্রিকেট বিশেষজ্ঞদের৷ সৌরভও সেই তালিকায় অন্যতম৷
১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান৷ তারপর বিশ্বকাপে আর পাক দলের খেলা মনে ধরেনি সৌরভের৷
তিনি বলছেন, ‘সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভারত বনাম পাকিস্তানের ম্যাচের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে৷ অজি দলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একাধিক ‘‘ম্যাচ উইনার’’ রয়েছে৷ অন্যদিকে পাক ব্যাসটম্যানরা মিচেল জনসন, মিচেল স্টার্কদের পেস কতটা সামলাতে পারবে জানি না৷ পাক দলের শক্তি বোলিং বিভাগও চোটে জর্জরিত৷ তাই অস্ট্রেলিয়াই জিতবে৷’
শুধু তাই নয়, ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ধরে নিয়ে সেই ম্যাচের আলোচনাও শুরু করে দিয়েছেন সৌরভ, লারা, চ্যাপেলরা৷
সৌরভ বলছেন, ‘ওই ম্যাচে লড়াইটা হবে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে৷’ এদিকে, ম্যাক্সওয়েল বনাম রবিচন্দ্রন অশ্বিনের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ইয়ান চ্যাপেল৷
এসআরজে