টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯.৩০মিনিটে।
অ্যাডিলেডের মাটিতে পাকিস্তানের সাথে মুখোমুখি ৬ দেখায় ৫টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবুও আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাগজের হিসেব নয়, বরং মাঠে নিজেদের উজাড় করে দিয়েই ম্যাচ জিততে চান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, `সেরা খেলাটাই খেলতে হবে আমাদের। কারণ, মাঠের খেলাতেই সব প্রমাণ হবে। আমি মনে করি, পেস বোলাররা এ ম্যাচের ভাগ্য গড়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।`
অন্যদিকে, গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটেই চলে গিয়েছিলো পাকিস্তান। কিন্তু, এরপর টানা চার ম্যাচ জিতে সেরা আট নিশ্চিত করা পাকিস্তান দল, অনুপ্রাণিত হতে পারে ইতিহাস থেকে। ১৯৯২ বিশ্বকাপে মিসবাহদের পূর্বসূরিরা আসরের শুরুর দিকে ধুঁকতে থাকলেও, শেষ পর্যন্ত হয়েছিলো চ্যাম্পিয়ন। বিশ্বকাপ আসরে অজিদের বিপক্ষে পাকিস্তানের রেকর্ডটাও সমানে সমান। মুখোমুখি ৮ দেখায় ৪ হারের বিপরীতে ৪ জয়ের রেকর্ড রয়েছে উপমহাদেশীয় দলটির। তাই তারাও বেশ প্রত্যয়ী জয়ের ব্যাপারে।
পাকিস্তানের অধিনায়ক, মিসবাহ-উল-হক বলেন, অস্ট্রেলিয়া খুবই আগ্রাসী দল। ওদের বিপক্ষে জয় পেতে আমাদেরও আক্রমণাত্মকভাবে খেলতে হবে।
অস্ট্রেলিয়া একাদশঃ
মাইকেল ক্লার্ক,ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ,শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, ব্রাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড।
পাকিস্তান একাদশঃ
মিসবাহ-উল-হক, আহমেদ শেহজাদ,সরফরাজ আহমেদ, হ্যারিস সোহেল, উমর আকমল, শোয়েব মকসুদ, শহীদ আফ্রিদি, এহসান আদিল, সোহেল খান, রাহাত আলী, ওয়াহাব রিয়াজ।
এমআর/এমএস