ক্রিকেট বাঁচাতে আইসিসিকে বোয়াফের খোলা চিঠি


প্রকাশিত: ১১:০০ এএম, ২১ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে বাংলাদেশে চলছে ক্ষোভের প্রকাশ। এবার এ বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ খোলা চিঠি দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে আইসিসি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না-কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ এ প্রশ্ন তুলে ‘বিতর্কিত ও ভারতপ্রীতি’ সিদ্ধান্ত গ্রহণকারী আম্পায়ারদের আজীবন বহিস্কারের দাবিও জানানো হয়।

বোয়াফের সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক আজম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম এইচ চৌধুরী।

চিঠিতে লেখা হয়েছে,

প্রিয় আইসিসি,
প্রথমেই ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করছি। ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছি টাকার কাছে আইসিসির নীতি ও আর্দশ বিক্রি করার কারণে। দুঃখ প্রকাশ করছি, আইসিসির কর্মকাণ্ডের প্রতি প্রতিবাদ করতে আমাদের মূল্যবান সময় নষ্ট করে মানববন্ধনে দাঁড়িয়েছি। আর সেই সঙ্গে আমাদের সবার সন্দেহ এবং বিশ্ব ক্রিকেট ভক্তদের প্রশ্ন- এটা কি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’?

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ এ অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটির অগ্রিম ভাগ্য নির্ণয়ক হতে দেখা যায় আম্পায়ারদের, যা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত অবলোকন করেছে, মর্মাহত হয়েছে, ঘৃণা-ক্ষোভ প্রকাশ করেছে আর আইসিসি’র প্রতি সন্দেহ তৈরি হয়েছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।

তৃতীয় বিশ্বের আধুনিক সময়ে তথ্যপ্রযুক্তির কল্যাণে পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে টাইগার অধিনায়ক মাশরাফির এলবিডব্লিউ’র আবেদন এবং টিভি আম্পায়ারের কাছে তার এই আবেদনটির রিভিউ। কোটি কোটি ক্রিকেটভক্ত অবলোকন করেছে টাইগার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে অবৈধভাবে কীভাবে আউট করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা অবাক হয়ে দেখেছেন, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার ও ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ এ চমৎকার পারফরম্যান্স করা রুবেল হোসেনকে কীভাবে উইকেট থেকে বঞ্চিত করা হয়েছে।

আমরা মনে করি, আম্পায়ারদের একের পর এক বিতর্তিক ও ভারতপ্রীতি সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটভক্তরা যেমন হতাশ হয়েছে, তার চেয়ে বেশি মর্মাহত ও আত্মবিশ্বাস হারিয়েছে টাইগাররা।

আম্পায়াররা এক দিকে যেমন ক্রিকেট টাইগারদের ন্যাচারাল খেলা থেকে বঞ্চিত করেছেন, অন্যদিকে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চকর ও শৈল্পিক ক্রিকেটখেলাকে কলঙ্কিত করেছেন।

বিশ্ব ক্রিকেটভক্তদের পক্ষে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম-বোয়াফ’র দাবি, আইসিসিকে তার নিরপেক্ষতার জায়গা থেকে বিশ্ব ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের কথা চিন্তা করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে ‘বিতর্কিত ও ভারতপ্রীতি’ সিদ্ধান্ত গ্রহণকারী আম্পায়ারদের আইসিসির সব কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।