মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করবেন আম্পায়ারদ্বয়


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২১ মার্চ ২০১৫

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফিল্ড আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দার।

তাদের বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করে টেলিভিশন চ্যানেলে বক্তব্য  দেন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তার প্রতিবাদে সভাপতির নামে মামলা করতে চলেছে ওই দুই বিতর্কিত আম্পায়ার।

মুস্তফা কামাল তার বক্তব্যে বলেছিলেন, ‘দুই আম্পায়ারের খেলা পরিচালনা ছিল ভুলে ভরা ও অত্যন্ত নিম্নমানের। তাদের আম্পায়ারিং দেখে মনে হয়েছে কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়েই তারা মাঠে এসেছিলেন।’

তার এমন মন্তব্যে বেজায় চটেছেন আলিম দার ও ইয়ান গোল্ড। এতে তারা নাকি রীতিমতো অপমানিত বোধ করছেন! তারা মনে করছেন আইসিসি সভাপতি তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তাই তারা আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মামলা করার বিষয়ে তারা আইসিসির শীর্ষস্থানীয় কয়েকজন কর্তা-ব্যক্তির সঙ্গে আলোচনাও করেছেন। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এখন আইসিসির কাছ থেকে সবুজ সংকেত পেলেই তারা মামলা ঠুকে দেবেন আ হ ম মুস্তফা কামালের বিরুদ্ধে।

শুধু তাই নয়, আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তোলায় সভাপতির কঠোর সমালোচনা করেছে আইসিসি। ভালোভাবে নিতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারা শুক্রবার মুস্তফা কামালের এমন মন্তব্যের সমালোচনা করেন। পাশাপাশি জানায় ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তাদের সিদ্ধান্তের প্রতি সকলেরই শ্রদ্ধা থাকা উচিত।

এ সম্পর্কিত আরো কিছু সংবাদ-

## পুরস্কার পেলেন বিতর্কিত গোল্ড
## সেমিতে নেই আলিম দার
## ক্রিকেট বাঁচাতে আইসিসিকে বোয়াফের খোলা চিঠি 

## বাংলাদেশের জয় কেড়ে নিল আম্পায়াররা
## আপিল করবে বাংলাদেশ, প্রয়োজনে আইসিসি সভাপতির পদত্যাগ

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।