মেলবোর্নে আইসিসির ভূমিকার প্রতিবাদ
চলতি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইন্যালে বাংলাদেশের বিরুদ্ধে অবিচার আর ক্রিকেটের বাণিজ্যিকরণে আইসিসির ভূমিকার প্রতিবাদ দেখিয়েছে একদল প্রবাসী বাংলাদেশি।
মেলবোর্নের ফেডারেশন স্কয়ার প্রাঙ্গণে শনিবার প্রায় অর্ধ-শতাধিক প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হন।
সবার উদ্দেশ্য ছিল বিশ্বকাপ ২০১৫’তে আইসিসি’র বাণিজ্যিকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন। যে বাণিজ্যিকরণের ফলে বাংলাদেশ-ভারত সহ বেশ কিছু ম্যাচের ফলাফল কিছু নির্দিষ্ট দলের পক্ষে যায়।
উপস্থিত সবার বক্তব্য ছিল আইসিসি’র নিয়োগকৃত আম্পায়ার আলীম দার ও ইয়ান গোল্ড’র বেশ কিছু পক্ষপাতিত্বমূলক ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচটির ভাগ্য পাল্টে দিয়েছে। এবং ম্যাচ থেকে ব্যাকফুটে চলে যাওয়া ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে।
এছাড়াও পুরো বিশ্বকাপজুড়ে কোন একটি দলের প্রতি আইসিসি’র সদয় আচরণ ও শুধুমাত্র সেইদলের ক্রিকেটারদের অনুপ্রেরণাদানের জন্য প্রতিটি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাদের নির্লজ্জ বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আইসিসি’র ব্যবসায়িক মনোভাব প্রকাশ পায় বলে মনে করেন প্রটেস্টে অংশনেয়া সবাই।
এসময় প্রতিবাদকারীদের হাতে ‘সেইভ ক্রিকেট সেইভ আইসিসি’, ‘উই ওয়ান্ট ফেয়ার ক্রিকেট’ ‘ক্রিকেট ইজ নট ফর সেইল’ সহ বেশ কিছু প্ল্যাকার্ড দেখা যায়।
প্রতিবাদ শেষে উদ্যোক্তারা ‘মেলবোর্ন বাংলা টাইগারস’ নামের একটি ক্রিকেট ফ্যানগ্রুপ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
এলএ/পিআর