উষ্ণ অভ্যর্থনায় সিক্ত মুশফিক


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৮ মার্চ ২০১৫

ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে তার নিজ শহর বগুড়ায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। শনিবার নিজ শহরে অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে ফুলেল সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

মুশফিককে বরণ করে নিতে শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেল ও খোলা ট্রাক নিয়ে প্রস্তুতি সেরে রাখে বগুড়াবাসী। লাজুক স্বভাবের ছেলে মুশফিকের ক্রিকেটে হাতেখড়ি বগুড়ায় মাটিডালি ক্রীড়াচক্রে। সেই মাটিডালি ক্রীড়াচক্রের সংগঠক, ওই প্রতিষ্ঠানের ছাত্রসহ বগুড়া শহরবাসী ঢাকা থেকে আগত মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় ভক্তদের উদ্দেশে মুশফিক বলেন, এমন অর্জন আমাদের ক্রিকেটকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ভবিষ্যতে আমরা আরও ভাল ক্রিকেট খেলব।

মুশফিকের বাবা মাহবুবু হানিফ জানান, মুশফিক সকালের দিকে বগুড়ায় পৌঁছেছে। সবাই সকাল থেকেই ওর অপেক্ষায় ছিল। অনেকদিন পর বগুড়ায় এসেছে তাই সবাই একটু বেশিই খুশি।

উল্লেখ্য, মুশফিক চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ খেলেছেন। ৩টি হাফসেঞ্চুরি সহ ২৯৮ রান করেছেন। সর্বোচ্চ ৮৯ রান এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপে এটাই মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।