নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮৩
বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের বোলিং তোপে ১৮৩ রানে অল-আউট হয়েছে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে এলিয়ট ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দলীয় ১ রানেই কোনো রান না করেই ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম। উইলিয়ামসনকে সাথে করে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন গাপটিল। তবে ৬ রানের মধ্যে মাক্সয়েলের বলে ১৫ রান করা গাপটিল আর জনসনের বলে ১২ রান করা উইলিয়ামসন আউট হলে বিপদে পড়ে যায় কিউইরা।
চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন গ্র্যান্ট এলিয়ট ও রস টেলর। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লের প্রথম দুই ওভারে ৪০ রান করা টেলর আর বিনা রানে কোরি অ্যান্ডারসন ও লুক রনকি আউট হলে আবার বেশ চাপের মুখে পড়ে কিউইরা। শেষ দিকে আর কোন ব্যাটসম্যান রান করতে না পারলে ১৮৩ রানেই শেষ হয় কিউইদের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন আর ফকনার নেন ৩ টি করে উইকেট।
এমআর/আরআইপি