বাংলাদেশে পিসিবি`র সিকিউরিটি প্রধান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিকিউরিটি প্রধান কর্নেল (অব.) আজম খান বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ করতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। সোমবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। পিসিবি সিকিউরিটি প্রধানের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পিসিবি সিকিউরিটি প্রধান কর্নেল (অব.) আজম খান আগামী তিন দিন ঢাকায় থাকবেন। সূত্র আরো জানায়, সফরকালে দলের নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে দেখবেন তিনি।
উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সেই সফরে পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, টি-২০ ও টেস্ট খেলবে।
এআরএস/এএ