সাবিনার ১০ গোল
মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তা প্রতিযোগিতায় সাবিনার গোল উৎসব চলছেই। প্রথম ম্যাচে ৪ গোল করা বাংলাদেশি স্ট্রাইকার দ্বিতীয় ম্যাচে করেছেন ১৬ গোল। আর তৃতীয় ম্যাচে এসে একাই করলেন আরও ১০ গোল।
বাংলাদেশি প্রথম নারী ফুটবলার হিসেবে সাবিনা খেলছেন মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তা প্রতিযোগিতায়। উজ্জ্বল নৈপুণ্য দিয়ে এরই মধ্যে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন বাংলাদেশি এ গোল মেশিন। সর্বশেষ তার দল মালদ্বীপ পুলিশ ক্লাব ১৩-০ গোলে এআরডিসি ক্লাবকে বিধ্বস্ত করেছে।
টানা তিন জয়ে পুলিশ ক্লাব শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। এআরডিসি ক্লাবের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে সাবিনার দল, ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচ। ৩ ম্যাচে ৩০ গোলের অনন্য কীর্তি গড়া এ ফরোয়ার্ড মালদ্বীপ ফুটবলে বেশ আলোচিত। তার কল্যাণে পুলিশ ক্লাব ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখছে।
পাকিস্তান সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের উজ্জ্বল নৈপুণ্যে দ্বীপ দেশটির কর্মকর্তাদের নজর কাড়েন সাবিনা। মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিয়মিত গোল করার প্রত্যয় ছিল তার কণ্ঠে।
এমআর/আরআইপি