ভুল জাতীয় সঙ্গীত বিড়ম্বনায় আর্জেন্টিনা-সালভাদর ম্যাচ


প্রকাশিত: ০৪:৩১ এএম, ৩১ মার্চ ২০১৫

দুর্বল প্রতিপক্ষ এল সালভাদরকে ২-০ গলে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিল আর্জেন্টিনা। পুরোপুরি ফিট না থাকায় এদিন মাঠে নামেননি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি। তবে জয় ছাপিয়ে আলোচনায় এখন ভুল জাতীয় সংগীত বাজানোর বিষয়টি। আর ভুল জাতীয় সংগীত বাজানোর জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমাও চেয়েছে আয়োজক সিএমএস স্পোর্টস। তারপরও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলছে।

রোববার যুক্তরাষ্ট্রের রাজধানীতে এল সালভাদরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ঘোষণা আসে এল সালভাদরের জাতীয় সংগীত গাওয়ার। এল সালভাদরের খেলোয়াড়রাও জাতীয় সংগীত গাইতে প্রস্তুত। কিন্তু লাউড স্পিকারে যে জাতীয় সংগীতটি বাজানো হয়েছে, সেটা এল সালভাদরের নয়। ভুল জাতীয় সংগীত বাজানো হচ্ছে টের পেয়ে এল সালভাদরের খেলোয়াড়রা তাদের বুক থেকে হাত নামিয়ে নেন। মাঠে উপস্থিত দর্শকরা আয়োজকদের দুয়ো দিতে শুরু করেন।

অবশ্য এমন অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আয়োজকরা এল সালভাদরের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, এটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এল সালভাদরের কোচ আলবার্ট রোক।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।