আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভেট্টরি
বিশ্বকাপ শেষে অবসর নিতে যাচ্ছেন, আগে থেকেই সে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার ফাইনাল খেলে দেশে ফিরে ড্যানিয়েল ভেট্টরি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে।
মঙ্গলবার অকল্যান্ড বিমানবন্দরে নেমে ভেট্টরি বলেছেন,`বিশ্বকাপের ফাইনালই ছিল নিউজিল্যান্ডের পক্ষে আমার শেষ ম্যাচ। শেষটা ভালোই হলো বলা যায়। অবশ্য শিরোপা জিততে পারলে খুব ভালো হতো।`
দলের প্রত্যেকের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। বিশেষ করে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আর কোচ মাইক হেসনের কথা বলতে চাই।
কিউইদের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট (১১২) ও ওয়ানডে (২৯১) খেলার কৃতিত্ব তাঁরই। ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ২৯৭ উইকেটের মালিকও তিনি। টেস্টে এ তালিকায় তাঁর সামনে আছেন শুধু স্যার রিচার্ড হ্যাডলি। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হ্যাডলি নিয়েছেন ৪৩১ উইকেট। ভেট্টরির উইকেট সংখ্যা ৩৬১।
শুধু বাঁহাতি স্পিনার হিসেবে নয়,ভেট্টরির ব্যাটিংয়ের হাতও ভালো। টেস্টে ছয়টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটিসহ ঠিক ৩০ গড়ে ৪,৫৩১ রান করেছেন তিনি। টেস্টের মতো ওয়ানডেতেও ব্যাটসম্যান ভেট্টরির পারফরম্যান্স খারাপ নয়। চারটি ফিফটিসহ ১৭.৩৩ গড়ে ২,২৫৩ রান তারই সাক্ষ্য দেয়।
এমআর/আরআই