কেপ ভারদের কাছে পর্তুগালের হার
প্রীতি ম্যাচে স্বাগতিক হিসেবে মাঠে নেমে দ্বীপরাষ্ট্র কেপ ভারদের কাছে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। তবে লজ্জাজনক পরাজয়ের এ ম্যাচে মাঠে ছিলেন না রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে পরাজয়ের পর এই প্রথম ফোগোর দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে হেরেছে ফার্নান্দো সান্তোসের পর্তুগান। আর এ ম্যাচে জয়ের ফলে আফ্রিকান জাতি হিসেবে প্রথমবারের মতো বড় কোনো দলের বিপক্ষে জয়ের স্বাদ পায় কেপ ভারদে।
আগের প্রীতি ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারানোর পর পর্তুগিজ কোচ সান্তোস এ ম্যাচে প্রায় নতুন একটি দলকে খেলান। ম্যাচের ৩৮ মিনিটে স্বাগতিকদের বিপক্ষে প্রথম গোল করেন কেপ ভারদের অদাইর ফোরটস। ৪৩ মিনিটে গেগে গোল করে ব্যবধান দিগুণ করেন।
ম্যাচের প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হওয়া পর্তুগিজরা ম্যাচের দ্বিতীয়ার্ধেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের ৬০ মিনিটের মাথায় আন্দ্রে পিন্টো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এমআর/এসএস