পরীক্ষা দিতে ৯ এপ্রিল ভারত যাচ্ছেন হাফিজ
পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী ৯ এপ্রিল ভারত যাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে ভারতের চেন্নাইয়ে এ পরীক্ষার দিন ঠিক করেছে আইসিসি।
গত নভেম্বরে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আম্পায়াররা হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর গত ২৪ নভেম্বর লাফবরোতে বোলিং অ্যাকশন পরীক্ষার পর দেখা যায়, সব ধরণের ডেলিভারির সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড হাফিজকে অনানুষ্ঠানিক পরীক্ষার জন্য চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল। সেখানেও তার বোলিংয়ে আগের ত্রুটি পাওয়া যায়।
চেন্নাইয়ের এই রামচন্দ্র বিশ্ববিদ্যালয়েই এবারের পরীক্ষা হবে হাফিজের।
চোটের কারণে আগের তারিখে (৬ ফেব্রুয়ারি) বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে পারেননি হাফিজ। শুধু ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের পাকিস্তান দলে তাকে রাখা হলেও একই চোটে দল থেকে ছিটকে পড়েন তিনি।
একে/আরআই