বাংলাদেশ সফর নিয়ে জরুরি বৈঠকে বসছে বিসিসিআই
চলতি বছরের জুনে নির্ধারিত বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসির গঠনতন্ত্র ভঙ্গ করে ফাইনালে বিজয়ী দলের হাতে বিশ্বকাপের ট্রফি প্রদান করার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে বলে আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার সভাপতির পদ ছাড়েন আ হ ম মুস্তফা কামাল।
এর জেরে বৈঠক থেকে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ওই বিষয় নিয়ে আলোচনা করতে এক সপ্তাহের মধ্যেই জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ভারতীয় বোর্ড।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, কামালের শ্রীনি-বিরোধী মন্তব্যের জন্যই এই জরুরি বৈঠক ডাকা হচ্ছে।
আইসিসির নিয়মনীতি অগ্রাহ্য করে গত রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন শ্রীনিবাসন, যা সভাপতি হিসেবে দেওয়ার কথা ছিল কামালের। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার দেশে ফিরে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন মুস্তাফা কামাল। যার জেরেই ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে সরে যেতে হলেও এখনও ভারতীয় বোর্ডে যথেষ্ট প্রভাব রাখেন শ্রীনি। তার অনুসারীরা বিষয়টিকে বোর্ডের অপমান বলে ব্যাখ্যা করে বৈঠকের সুপারিশ করেছেন বলে সূত্রে জানা গেছে।
তবে অনেকে বলেছেন, কামাল বিসিসিআইকে নয়, শ্রীনিকে আক্রমণ করেছেন। তাঁর যা রোষ তা শ্রীনির বিরুদ্ধে ছিল। ফলে সফর বাতিলের কোনো প্রশ্নই ওঠে না। আগামী সপ্তাহে বোর্ডের বৈঠকেই অবশ্য পুরো বিষয়টি পরিষ্কার হবে।
একে/আরআই