তারিক সিদ্দিকের দুই ঘনিষ্ঠ সহযোগী ফের ৩ দিনের রিমান্ডে
রাজধানীর রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই ঘনিষ্ঠ সহযোগীকে ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আসামি হলেন, মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)।
শুক্রবার (৮ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আমজাদ হোসেন তালুকদার। শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
গত ৫ মে একই মামলায় তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজরুল ইসলাম প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানা এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনায় রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তারা নেতিবাচক ভূমিকা পালন করেছেন এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছেন। এছাড়া রমনা থানার বাংলা মোটর এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে তারা অন্য আসামিদের সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অংশ নেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকের সঙ্গে তাদের যোগাযোগ এবং মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আংশিক তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার, গোপন আস্তানা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অর্থের উৎস শনাক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে তাদের পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।
গত ১ মে একই মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার তদন্তে আরও অগ্রগতি হয়েছে দাবি করে পুলিশ জানিয়েছে, আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং পলাতক অন্য আসামিদের ধরতে তাদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ১৯ এপ্রিল পুলিশ মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করে। এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমডিএএ/এমএএইচ/