ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল
বাংলাদেশের বিপক্ষে সাতটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
শুক্রবার সকালে দলের সদস্যরা ঢাকায় এসে পৌঁছান।
তিন সপ্তাহব্যাপী এ সিরিজের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এ দেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই সিরিজকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন সফরকারীরা। ঢাকায় পৌঁছে সাংবাদিকদের এমনটাই বলেন দলটির কোচ লরেন্স ম্যাথালেন।
পরবর্তী বিশ্বকাপেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আগেভাগেই কন্ডিশনটা বুঝে নিতে চান বর্তমান চ্যাম্পিয়নরা। উপমহাদেশের স্পিন উইকেট নিয়েও শক্তিশালী পেস আক্রমণ নির্ভর দলটির আছে বিশেষ পরিকল্পনা।
৮ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ ও ১৫ এপ্রিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একে/পিআর