নেপাল জয় করলো বাংলাদেশের দাবাড়ুরা


প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

নেপালে অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবায় বাংলাদেশের দাবাড়ু জিয়া ও লিজারা আসরের উভয় বিভাগেই শিরোপা জিতেছেন। বিশ্ব দাবাসংস্থার প্রেসিডেন্ট কৃসান ইমলজিনভ এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বুধবার নেপালের কাঠমুন্ডতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ট্রফি, স্বর্ণ পদক ও দেড় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার, রানার-আপ গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব রৌপ্য পদক ও এক হাজার মার্কিন ডলার, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ব্রোঞ্জ পদক ও সাড়ে তিনশত মার্কিন ডলার অর্থ পুরস্কার পান।

এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী অর্থ পুরস্কার লাভ করেন।

মহিলা বিভাগে চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা ট্রফি, স্বর্ণ পদক ও এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার, রানার-আপ নাজরানা খান ইভা রৌপ্য পদক ও পাঁচশত মার্কিন ডলার এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ব্রোঞ্জ পদক ও আড়াই শত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন।

এছাড়া মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মাহমুদা হক চৌধুরী মলি অর্থ পুরস্কার লাভ করেন।

২০১৭ সালের এশিয়ান জোনাল (৩.২) দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানের স্বাগতিক দেশ হয়েছে বাংলাদেশ। বিশ্বদাবা সংস্থার প্রেসিডেন্ট কৃসান ইলমজিনভ এবং জোন প্রেসিডেন্ট জোসি জোনাল দাবা বাংলাদেশে অনুষ্ঠানের ব্যাপারে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।