টাইগারদের গণসংবর্ধনা দেবে বিসিবি
দারুণ খেলে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় মাশরাফিদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী সপ্তাহে এ সংবর্ধনা দেওয়া হবে বলে শুক্রবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কতটা ক্রিকেট পাগল তা, সারা দুনিয়ার মানুষ দেখেছে। ভারতের সাথে ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে দেশে-বিদেশে সব জায়গাতেই আম্পায়ারদের সমালোচনা হয়েছে। তাই ক্রিকেট ভক্তদের জন্যই এ আয়োজন করা হচ্ছে।’
বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। যে কারণে সাধারণ মানুষের জন্য ঢাকায় আগামী ৮/৯ এপ্রিল বড় ধরণের সংবর্ধনার আয়োজন করা হবে। সংবর্ধনা কোথায় ও কখন হবে এ বিষয় নিয়ে আগামী রোববার বিসিবিতে সভা ডাকা হয়েছে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শেষে টাইগাররা দেশে ফেরার দিন বিমানবন্দরে হাজারো সাধারণ মানুষের সংবর্ধনায় সিক্ত হয় টাইগাররা।
একে/পিআর