মেসি-রোনাদোর প্রতিদ্বন্দ্বী নেইমার!
ফুটবল বিশ্বের বর্তমান সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাদোর নতুন কোনও প্রতিদ্বন্দ্বী আপাতত দেখছেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন।
তার মতে, একমাত্র নেইমারের যোগ্যতা আছে মেসি-রোনাদোকে চ্যালেঞ্জ জানানোর। কিন্তু এ জন্য ব্রাজিলিয়ান এ তারকাকে আরও প্রমাণ দিতে হবে। সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রাক্তন স্কটিশ এই কোচের মতে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সবসময়ই মেসি ও রোনাদোর মানের ফুটবলার তৈরি করে থাকে। কিন্তু বর্তমানে মেসি-রোনাদোকে চ্যালেঞ্জ জানানোর মতো এক নেইমার ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, নেইমার ছেলেটা ওর সম্ভাবনা নিয়ে অনেক প্রচার পেয়েছে, কিন্তু আমার মনে হয় ও কি করতে পারে তা দেখার এখনও অনেক বাকি আছে।
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ফুটবলবোদ্ধা নেইমারকে ঘিরে অনেক সম্ভাবনা দেখছেন। জাতীয় দলের হয়ে ৪৩ গোল করা এই তারকাকে নিয়ে ফার্গুসনও আশার কথা শোনালেন। তিনি বলেন, আশা করি, ও পরবর্তী ফুটবলার হবে যে মেসি ও রোনাদোর মতো মেধার বিকাশ ঘটাবে।
এএইচ/পিআর