ওয়ার্নার-ঝড়ে হায়দরাবাদের জয়
রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল ৮ এ প্রথম জয় পেলে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিং হায়দরাবাদকে এনে দিল এই জয়।
সোমবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৬৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল।
ব্যাঙ্গালোরের সংগ্রহ দেড়শ’ পার হয় এবি ডি ভিলিয়ার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ২৮ বলে ৫ চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এছাড়া ক্রিস গেইল ২১ ও শন অ্যাবট ১৪ রান করেন। আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ আরো বড় হয়নি স্বাগতিকদের।
মাত্র ১০ বলের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় ব্যাঙ্গালোর। হায়দরাবাদের ট্রেন্ট বোল্ট ৩৬ রানে তিন উইকেট। তার সবগুলো উইকেট আসে ১৯তম ওভারে।
জবাবে ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।
অধিনায়ক শিখর ধাওয়ানের সঙ্গে ওয়ার্নারের ৮২ রানের উদ্বোধনী জুটি হায়দরাবাদকে ভালো সূচনা এনে দেয়। ৭ ওভার ৫ বল স্থায়ী জুটি ভেঙে ফেরার আগে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। তার ২৭ বলের বিধ্বংসী ইনিংসটি ৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।
এরপর কেন উইলিয়ামসন দ্রুত ফিরে গেলেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি ধাওয়ান ও লুকেশ রাহুল। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে প্রথম জয় এনে দেন এই দুই জনে।
উদ্বোধনী ব্যাটসম্যান ধাওয়ান অপরাজিত থাকেন ৫০ রানে। তার সঙ্গে ৭ ওভার ৩ বল স্থায়ী জুটি গড়া রাহুল খেলেন অপরাজিত ৪৪ রানের চমৎকার ইনিংস।
এসআরজে