শেষ আটের লড়াইয়ে রাতে মাঠে নামছে দুই ‘মাদ্রিদ’
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় মাঠে নামবে এই দুই নগর প্রতিদ্বন্দ্বী।
রিয়াল মাদ্রিদ কোচ জানিয়েছেন- ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে প্রতিশোধ নিতে চান তিনি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান খুব একটা সুখকর নয় রিয়ালের। সবশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে তারা। তবে চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ যেকোনো দলের বিপক্ষে ভালো খেলার রেকর্ড রয়েছে রিয়ালের।
এই দুই নগর প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি শেষ আটের লড়াইয়ে মঙ্গলবার দেখা মিলবে জুভেন্টাস ও মোনাকো দলেরও। তবে, রিয়ালের ম্যাচের কারণে ঢাকা পড়ে যেতে পারে এই ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগের গেল আসরের ফাইনালে খেলেছিল স্পেনের এ দুই নগর প্রতিদ্বন্দ্বী। ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলেছিল রোনালদোর দল। তবে আর ফাইনালে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই তাদের। এই দুই দলের যে কোনো একদলকে বিদায় নিতে হবে কোয়ার্টার ফাইনাল থেকেই। সেই বিদায় পর্বের দুই লেগের প্রথম লেগে মঙ্গলবার রাতে লড়াইয়ে নামবে মাদ্রিদ শহরের দুই দল।
প্রথম লেগের ম্যাচটি অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে হওয়ায় খানিকটা সুবিধাজনক অবস্থানেই আছে দিয়েগো সিমিওনির দল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের পর থেকে ছয় ম্যাচে তারা রিয়ালের বিপক্ষে অজেয়। সেটা শুধু অ্যাটলেটিকোর মাঠে নয়, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্ট্রাইকার মারিও মানজুচিককে পাচ্ছে না অ্যাটলেটিকো। রিয়ালের বিপক্ষে এর আগে ২ গোল করা মানজুচিক গোড়ালির ইনজুরিতে ভুগছেন। বিপরীতে রিয়াল একাদশে ইনজুরি কাটিয়ে ফিরছেন গ্যারেথ বেল। থাকছেন এইবার ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা হামেস রদ্রিগেজ আর টনি ক্রুসও।
একে/আরআই