রাজস্থানের তৃতীয় জয়
মঙ্গলবার তারকাখচিত দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান। এই জয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল রাজস্থান রয়্যালস। এ নিয়ে টানা তিন ম্যাচেই হেরে গেল রোহিত শর্মার মুম্বাই। এ দলটির কোচের ভূমিকায় আছেন অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং, মেন্টর হিসেবে কাজ করছেন স্বয়ং শচীন টেন্ডুলকার। তারপরও একের পর এক তাদের পরাজয় সবাইকে অবাক করছে!
এদিন মুম্বাইয়ের ১৬৪ রানকে মামুলি বানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভেন স্মিথ। অসি ব্যাটসম্যান বিশ্বকাপের পারফরম্যান্সই যেন টেনে এনেছেন আইপিএলে। খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৭৯ রানের ইনিংস, ৫৩ বলে। আট চারের সঙ্গে ছয় মেরেছেন একটি।
ওপেনিংয়ে আজিঙ্কা রাহানে ৩৯ বলে করেন ৪৬ রান। তাতেই ১৯.১ ওভারেই মুম্বাইয়ের রান টপকে যায় রাজস্থান। বিনয় কুমার, লাসিথ মালিঙ্গা এবং কোরি অ্যান্ডারসন পেয়েছেন একটি করে উইকেট।
হারের বৃত্তে ঘুরপাক করতে থাকা মুম্বাই আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে দলটি। এতে বড় ভূমিকা রাখেন কিয়েরন পোলার্ড ৩৪ বলে ৭০ রান করে। সাত চারের সঙ্গে, পাঁচ ছক্কা মারেন তিনি। ৩৮ বলে ৫০ রান করেন অ্যান্ডারসন, পাঁচ চার, তিন ছক্কায়। টিম সাউদি, ক্রিস মরিস, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি এবং টাম্বে পেয়েছেন একটি করে উইকেট।
এআরএস/পিআর