সুয়ারেজের জোড়া গোলে বার্সার জয়
চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ৩-১ গোলে প্যারিস-সেইন্ট-জার্মেইনকে (পিএসজি) হারাল বার্সেলোনা।
জোড়া গোল করলেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। একটি গোল করলেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার গোলটিতে অসাধারণ অবদান ছিল লিওনেল মেসির।
নিষেধাজ্ঞার কারণে মাঠেই ছিলেন না ইব্রাহিমোভিচ। খেলা শুরুর পর আহত হয়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। যে কারণে পিএসজির ডিফেন্স অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে। ডেভিড লুইজকে নামানো হলেও সেটা তেমন কার্যকরি ছিল না।
প্রথমার্ধে খেলার ১৮ মিনিটেই গোলের সূচনা করেন নেইমার ডি সিলভা। মাঝ মাঠ থেকে বল পান মেসি। দু’তিনজনকে কাটিয়ে তিনি বল বাড়িয়ে দেন আগুয়ান নেইমারের দিকে। ডি বক্সে যখন নেইমার বলটি রিসিভ করেন, তখন সামনে শুধু গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে স্বাগতিক পিএসজির জালে বল জড়াতে মোটেও কষ্ট হয়নি নেইমারের।
দ্বিতীয়ার্ধের খেলায় ৬৭ মিনিটের মাথায় গোলের দেখা পান সুয়ারেজ। ৭৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। মেসি কোন গোল না পাননি। খেলার ৮২তম মিনিটে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউ।
এআরএস/পিআর