পাকিস্তানের বিপক্ষে ভালো করবে টাইগাররা : হাথুরুসিংহে


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফেভারিট না মানলেও, এই সিরিজে ভালো কিছুই করবে টাইগাররা বলে  মনে করেন দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বুধবার বিসিবি`তে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য টাইগাররা ব্যস্ত নিজেদের প্রস্তুত করতে। প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ায় তামিম-মুমিনুল ও সাব্বির ছাড়া বাকিরা হাজির কোচ চান্ডিকা হাথুরুসিংহের পাঠশালায়। দেশে ফিরে এই প্রথম অনুশীলনের নামলেন, প্রথম ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসানও।

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরমেন্স দলের ওপর প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এরই মধ্যে বেশ ক`জন টাইগার ক্রিকেটার, আজহার আলীর দলের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মানছেন। কিন্তু ছাত্রদের সাথে একমত নন কোচ। দল ভারসাম্যপূর্ণ হয়েছে। তাই মাঠে সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারলে,সম্ভব যে কোনো কিছুই। এমনটাই মনে করেন চান্ডিকা।

তিনি বলেন, আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলছি, তাই দলের সবাই খুবই আত্মবিশ্বাসী। তবে আমি বলবো না আমরাই এই সিরিজে ফেভারিট।পাকিস্তান সবসময়ই এখানে ভালো খেলে। আমাদের বিপক্ষে তাদের রেকর্ডও দারুণ। তবে আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো ফলাফলই আসবে বলে মনে করি আমি।

এছাড়া গত কয়েক দিন ধরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমানের সঙ্গে হাথুরুসিংহের মতবিরোধের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হলেও, পেশাদার এই লংকান সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আপাতত তার ধ্যান-জ্ঞান শুধুই পাকিস্তান সিরিজ নিয়ে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।