১৬ বছর পর `প্রাণ` ফিরে পেল বাংলাদেশ


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশ দলের প্রথম দেশীয় স্পন্সর প্রাণ-আরএফএলের জার্সি গায়ে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে অবসান হলো দীর্ঘ ১৬ বছরের। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপের পর আর পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে সেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ দল।

বাংলাদেশের ছুড়ে দেয়া ৩৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান। সর্বোচ্চ ৭২ রান আসে আজহার আলীর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। হারিস সোহেল করেন ৫১ রান।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও ইলিয়াস সানি। সাকিব আল হাসান ও রুবেল হোসেন একটি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুশিফিকুর রহিম।

এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুর্দান্ত শতকে ৩২৯ রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশ। মুশফিক ৭৭ বলে ১০৬ ও তামিম ইকবাল ১৩৫ বলে ১৩২ রান করেন। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ চারটি ও রাহাত আলী একটি উইকেট লাভ করেন।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ ফ্রটোর গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।