স্বস্তিতে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ধীর গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫০ রান। মমিনুল হক ৩৫ আর মাহমুদুল্লাহ ৩২ রান নিয়ে ব্যাট করছেন।  
 
পাকিস্তানের বিপক্ষে এমন পিচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভীষণ ধীর-স্থির বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫২ রান ওঠার পর মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ২৫ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল।

অন্য ওপেনার ইমরুল কায়েস অবশ্য আস্থার সঙ্গে খেলছিলেন। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করে বিদায় নিয়েছেন তিনিও। তবে চা-বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি স্বাগতিক দলের। তৃতীয় উইকেটে মমিনুল আর মাহমুদুল্লাহ মিলে ৫৮ রানের জুটি গড়ে তুলেছেন।

ওয়ানডে সিরিজে তামিম ছিলেন দুর্দান্ত। তবে মঙ্গলবার সেই প্রত্যয়ী তামিমের দেখা পাওয়া যায়নি। দিনের ২০তম ওভারে জুলফিকার বাবরের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিলেও মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় বেঁচে যান তিনি। তবে ‘জীবন’ পাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তামিম। ২৭তম ওভারের শেষ বলে লেগস্পিনার ইয়াসির শাহর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন আজহার আলীকে। তামিমের ৭৪ বলে খেলা ২৫ রানের ইনিংসে চার তিনটি।

ইমরুলও আরেক স্পিনারের শিকার। মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৫১ রান করেছেন তিনি। ১৩০ বলে অনেক ধৈর্য্যে গড়া ইনিংসটিতে ছিল ছয়টি চার।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এটা তৃতীয় টেস্ট। ২০১২ সালে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও গত বছর জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করার পথে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।