পদত্যাগ করবেন না ওয়াকার
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ এবং একমাত্র টি-২০ ম্যাচে হারের পর পাকিস্তানের কোচ হিসেবে ওয়াকার ইউনুসকে আর দেখতে চাইছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার আর সমর্থকরা। শোনা গিয়েছিল ওয়াকার নিজেই পদত্যাগ করছেন। তবে আপাতত কোচের পদ ছাড়ার কোনও ইচ্ছা নেই তার।
সেটা স্পষ্ট করে ওয়াকার বলেন, আমার ভাবনায় কখনই কোচের পদ ছাড়ার কথা আসেনি। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, এই পাকিস্তান দলটা একেবারেই নতুন। দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার নেই। পাশাপাশি অধিনায়কও নতুন একজন।
পাকিস্তান কোচ আরও বলেন, নতুন কম্বিনেশন তৈরি করতে সময় লাগে। ফলে ওদেরকে সময় দিতেই হবে। বাংলাদেশ শেষ কয়েক বছর ধরে কঠিন পরিশ্রম করে আজ এই জায়গায় এসেছে, ওরা নিঃসন্দেহে ভালো খেলেছে।
পাকিস্তানের সঙ্গে ওয়াকারের দু’বছরের চুক্তি রয়েছে। অন্যদিকে বাংলাদেশে ব্যর্থতার কারণ খতিয়ে দেখার জন্য পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
এমআর/পিআর