উইম্বলডনের প্রাইজমানি টানা চতুর্থবারের মত বাড়লো


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৯ এপ্রিল ২০১৫

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিস টুর্নামেন্টের প্রাইজমানি টানা চতুর্থবারের মত বাড়ানো হয়েছে। আগের আসরের চেয়ে আসন্ন টুর্নামেন্টের জন্য সাত শতাংশ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন টুর্নামেন্টের আয়োজকরা।

গত আসরে পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ছিলো ১৪ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৫ মিলিয়ন পাউন্ডে। ফলে পুরুষ ও মহিলা এককে শিরোপা জয়ীরা প্রাইজমানি হিসেবে পাবেন ১ দশমিক ৮৮ মিলিয়ন পাউন্ড করে। যা আগের আসরে ছিল ১ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড।

প্রাইজমানি বৃদ্ধি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চেয়ারম্যান ফিলিপ ব্রুক বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ ছাড়া সেরা টেনিস আসর আয়োজন করা কঠিন। আর সেরা খেলোয়াড়দের যথাযথ আর্থিক পুরস্কার না দিলে আসরের মর্যাদা বাড়ে না। যে পরিমাণ প্রাইজমানি বাড়ানো হয়েছে তা দিতে আমরা তৈরি এবং খেলোয়াড়রা তা পাওয়ার যোগ্যতা রাখে।’

আগামী ২৯ জুন থেকে শুরু হবে উইম্বলডন টুর্নামেন্ট। শেষ হবে ১২ জুলাই। গত আসরে পুরুষ এককে শিরোপা জিতেছিলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। আর মহিলা এককে সেরার মুকুট পড়েছিলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।