টাইগারদের প্রশংসায় মিসবাহ


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৯ মে ২০১৫

টাইগারদের বিপক্ষে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয়। এমনভাবে পরাজিত করেও স্বাগতিক দলকেই প্রশংসায় ভাসালেন পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেছেন, শেষ টেস্টে জয় অবধারিত ছিল। কিন্তু বাংলাদেশ শুরু থেকেই যেভাবে খেলছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য।

ঢাকা টেস্ট জয় করার পর মিসবাহ-উল-হক বলেন, বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে সবার অভিনন্দন পাওয়ার যোগ্য তারা। প্রথম টেস্ট ড্র নয়, বরং বাংলাদেশের জয় হয়েছিল। আমরা আগের ম্যাচে দারুণ হতাশ ছিলাম।

শেষ টেস্ট জেতার ব্যাপারে বলেন, এ টেস্টে জয় আমাদের খুব দরকার ছিল। ছেলেরা খুব ভালো খেলেছে। আমি যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নই, তারপরেও আশা করবো আসন্ন জিম্বাবুয়ে সিরিজে আমাদের দল ভালো করবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শুরু থেকে একের পর এক হারের কারণে পাকিস্তান দলকে ধুয়ে চলেছে সেদেশের মিডিয়া এবং সাবেক ক্রিকেটাররা। এমনকি প্রশ্ন কোচ ওয়াকার ইউনিসের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করেছে পাকিস্তান। এর আগে তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় সফরকারীরা।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।