ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ : সাকিব
বিশ্বকাপে সাফল্যের পর পাকিস্তান সিরিজেও টাইগারদের পারফর্মেন্স ছিল নজরকারা। ওয়ানডেতে বাংলাওয়াশের পাশাপাশি একমাত্র টি-২০ ম্যাচেও জয় পায় টাইগাররা। এবার আসন্ন ভারত সিরিজেও জয়ের ব্যাপারে আশা প্রকাশ করলেন সাকিন আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু। এরপর বিশ্বকাপ ও সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোমসিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা। তবে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে না হারলেও, সিরিজের শেষটা হয়েছে ঢাকা টেস্ট হেরে। যা নিয়ে সাধারণ ক্রিকেট ভক্তদের মত আক্ষেপ বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানেরও। তবে দল হিসেবে বিশ্বকাপের পারফরম্যান্সের চেয়েও এই সিরিজের পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন সাকিব।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, শেষটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম তাহলে আরো ভালো হতো। ফলে আফসোস তো একটু থাকেই যায়। তবে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি তা সত্যিই অসাধারণ। আমার মনে হয়,আমরা দল হিসেবে বিশ্বকাপের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছি।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে ফেবারিট বললেও, এবার তেমন কিছু বলেন নি সাকিব। তবে ভারতের বিপক্ষে সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই বিশ্বাস বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আগামী ৭ জুন ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারত।
এমআর/এমএস