বাদল রায়ের সুস্থতা কামনায় বাফুফে


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৬ জুন ২০১৭

গুরতর অসুস্থ বাদল রায়ের সুস্থতা কামনা করেছে তার সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফের পূর্ব নির্ধারিত জরুরী সভার শুরুতেই বাদল রায়ের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন তার সহকর্মীরা।

সাবেক তারকা ফুটবলার, বাফুফে ও বিওএর সহসভাপতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক বাদল রায় গুরতর অসুস্থ হয়ে মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি হন। সোমবার গভীর রাতে ওয়ারিস্থ নিজ বাসায় বাদল রায় অসুস্থ হয়ে পড়েন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন।

খবর পেয়ে বাদল রায়কে দেখতে স্কয়ার হাসপাতালে ছুটে যান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা।

চিকিৎসকেরা জানিয়েছেন, বাদল রায়ের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। তার শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ হয়ে আছে। দুপুরে বাদল রায়ের এমআরআই করা হয়। তবে রিপোর্ট দেখে খুব ভালো খবর শোনাতে পারেননি চিকিৎসকরা।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘তার অবস্থা বেশি ভালো নয়। হাসপাতালে হারুনুর রশিদ (বাংলাদেশ আওয়ামী লিগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বাফুফের সদস্য) আছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করছেন যাতে দ্রুত বাদল রায়কে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো যায়।’

বাদল রায়ের শুভাকাঙ্খী এবং সতীর্থরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং তাকে যাতে দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করানো যায় সে জন্য সহযোগিতাও চেয়েছেন। সাবেক এ তারকা ফুটবলারের সুস্থতা অনেকটাই নির্ভর করছে উন্নত চিকিৎসার উপর।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।