প্রিমিয়ার লিগে মাঠে থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

ঢাকা প্রিমিয়ার লিগ সামনে রেখে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্লাব প্রতিনিধিদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাঠে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, নতুন ভেন্যু যোগ করা এবং লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে কথা হয়েছে সভায়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আবাহনীর হেড কোচ হান্নান সরকার জানিয়েছেন, সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে চিকিৎসা সহায়তা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা দেখছি যে তামিমের ইনসিডেন্টটা গত বছর প্রিমিয়ার লিগের সময়। আমাদের এই ধরণের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি মাঠে বেশ ঘটছে এবং অ্যামেচার ক্রিকেটে রুবাইয়াত আমাদের ফ্রেন্ড, সেও মাঠে খেলা অবস্থায় হার্ট অ্যাটাক করেছিল। সেই জায়গা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমাদের মেডিকেল জায়গা থেকে কিভাবে আরেকটু সাপোর্ট দেওয়া যায়।’

হান্নান আরও জানান, বিসিবির পক্ষ থেকে উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, ‘আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে নিশ্চিত করেছেন একটা আইসিইউ সাপোর্টসহ অ্যাম্বুলেন্স থাকবে। এই ধরণের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা নাও হয় কিভাবে মেডিকেলে সর্বোচ্চ সুবিধা রাখা যায় সেটার চেষ্টা করবেন।’

এবার ভেন্যুর সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। বিকেএসপি ছাড়াও কয়েকটি নতুন মাঠ নিয়ে আলোচনা হয়েছে।

হান্নান বলেন, ‘পিকেএসপি-র নামটা আলোচনায় আছে। বিকেএসপির দুটো মাঠ সম্পর্কে আমরা জানি। বসুন্ধরা গ্রাউন্ড, সিলিকন মাঠ, ক্রিকেটার্স মাঠ—বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কিনা যেটা ঢাকার খুব কাছাকাছি।’

এসকেডি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।