ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া
কার্লোস বাক্কার জোড়া গোলে নিপ্রোকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। গত দশ বছরে এই নিয়ে চারবার এ টাইটেল ঘরে তুলল সেভিয়া। এর আগে ২০০৬ ও ২০০৭ সালেও টানা দুইবার আসরের শিরোপা জিতেছিল দলটি।
খেলার ৭ মিনিটেই প্রথমবারের মত ইউরোপা লিগের ফাইনালে ওঠা ইউক্রেনের ক্লাব নিপ্রো নিকোলা ক্যালিনিকের গোলে এগিয়ে যায়। ক্রোয়েশিয়ান ম্যাথিউসের বাড়ানো বলে দলকে লিড এনে দেন ক্যালিনিক। তবে ২৮ মিনিটেই সমতা ফেরান ক্রার্চোউইক। বাক্কার ক্রস থেকে সেভিয়াকে স্বস্তি এনে দেয়া গোলটি করেন তিনি। এর তিন মিনিট পরই রেইয়েসের বাড়ানো বলে স্প্যানিয়ার্ডদের এগিয়ে দেন বাক্কা।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে নিপ্রোর অধিনায়ক রুসলান রোতানের দুর্দান্ত ফ্রি-কিকে ২-২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দল দুটি।
মধ্যবিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় আসরের সবচেয়ে সফল দল সেভিয়া। ম্যাচের ৭৩ মিনিটে ভিতোলোর সহযোগিতায় বাক্কা নিজের দ্বিতীয় গোলটি করলে শেষপর্যন্ত সেটিই জয়সূচক গোল হয়ে দাঁড়ায় সেভিয়ানদের পক্ষে। বাকি সময়ে উভয় দলই কিছু সুযোগ সৃষ্টি করলেও কারো জালমুখ খুলতে পারেনি।
এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো ফুটবল ক্লাব সেভিয়া।
এমআর/পিআর