ভারতে খেলার অপেক্ষায় আছি : মাশরাফি


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৯ মে ২০১৫

২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট। কিন্তু তারপর একে একে কেটে গেছে ১৫টি বছর। অথচ এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে সে দেশে খেলার কোন আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। সিমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, বর্তমান দলটি ভারতের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় আছে।

ভারতের মাটিতে খেলার বিষয়ে মাশরাফি জানান, এটা অত্যন্ত পরিস্কার যে তিনি ভারতের মাটিতে একটি সিরিজ খেলতে চেয়েছিলেন। এত দিন সম্ভব না হলেও শিগগিরই সেটা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফরের আগে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) মাশরাফি বলেন, হ্যাঁ, অবশ্যই ছেলেরা ভারতে খেলতে চায়। আমরা সেখানে খেলার অপেক্ষায় আছি। হতে পারে এক পর্যায়ে অবশ্যই আমরা সেখানে যাব এবং খেলব।

বাংলাদেশ এ পর্যন্ত ভারতের মাটিতে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। যা ছিল এশিয়া কাপ (১৯৯০-৯১) এবং কোকা-কোলা ত্রিদেশীয় সিরিজে (১৯৯৮)।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেন বলে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার আউট না দেয়াটা ক্রিকেট বিশ্বের আলোচনার বিষয়ে পরিণত হয়। রুবেলের ফুলটস বলকে ‘নো বল’ ডাকেন আম্পয়ার ইয়ান গুল্ড। সমগ্র বিশ্ব জুড়ে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

তবে এ ঘটনাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চান বলে জানান দীর্ঘ দেহী বাংলাদেশি এ পেসার।

তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাই না এবং সামনের দিকে তাকাতে চাই।

ভারতীয় ব্যাটিং লাইনআপকে বিপজ্জনক অভিহিত করে তাদের পেস বোলিং আক্রমণ ভাগকেও সমীহ করেন মাশরাফি। কেবলমাত্র সেমিফাইনাল ছাড়া বিশ্বকাপে ভারতীয় পেসাররা ভাল করেছেন বলে উল্লেখ করেন মাশরাফি।

মাশরাফি বলেন, ভারতের রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। তাদের দলে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং আজিঙ্কা রাহানে-তারা সবাই ভাল ফর্মে আছেন। গত ছয়-আট বছর যাবত মহেন্দ্র সিং ধোনি ভাল করে আসছেন। সুতরাং এদের মধ্য থেকে এক জনকে বেছে নেয়াটা কঠিন। বোলারদের মধ্যে বিশেষ করে পেসাররা বিশ্বকাপ থেকেই ভাল ফর্মে আছেন।

বিসিসিআই’র অনীহার কারণে ডিআরএস বাস্তবায়িত না হওয়া নিয়েও চিন্তিত নন বাংলাদেশি অধিনায়ক। তিনি বলেন, ডিআরএস নিয়ে আমি ঘুম নষ্ট করছি না। আমরা ব্যবহার করতে না পারলে তারাও পারবে না। এটা আমাদের জন্য বড় কোন বিষয় নয়।

মাশরাফির দুঃশ্চিন্তার বড় বিষয় হচ্ছে বৃষ্টি। যা ম্যাচগুলোকে বিঘ্নিত করতে পারে। এ বিষয়ে সর্বশেষ ২০০৯ সালে টেস্ট ক্রিকেট খেলা মাশরাফি বলেন, আমার আশা বৃষ্টি হবে না এবং উভয় দলই ৫০ ওভার করে খেলতে পারুক।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।