মাহফুজুর-আলিসের ঘূর্ণি জাদু, আবাহনী-প্রাইম ব্যাংকের জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৩ মে ২০২৬

যত সময় গড়াচ্ছে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা লড়াইয়ে প্রতিযোগী দল তত কমছে। চতুর্থ রাউন্ড শেষে এখন মোহামেডানের সাথে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে শুধু প্রাইম ব্যাংক।

এ পর্বে আজ ১৩ মে মোহামেডান নিজেদের চতুর্থ খেলায় বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১০ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। একইভাবে বুধবার ইউল্যাব মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৮ রানে হারিয়ে প্রাইম ব্যাংকও পেয়েছে টানা চতুর্থ জয়। প্রাইম ব্যাংকেরও পয়েন্ট দাঁড়িয়েছে সমান ৮ করে।

প্রথম দুই ম্যাচ জিতে আবাহনী আগেই পিছিয়ে। গত পর্বে হার মানা লিজেন্ডস অব রুপগঞ্জও ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

এ পর্বে অবশ্য আবাহনী আর লিজেন্ডস অব রূপগঞ্জ নিজ নিজ খেলায় জয়ী হয়েছে। আজ বিকেএসপি ৪ নম্বর মাঠে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে।

স্পিনার মাহফুজুর রাব্বির বোলিং তোপের মুখে মাত্র ১৪৭ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। জবাবে আবাহনী মাত্র ২ উইকেট খুইয়ে ২৫.৪ ওভারেই জয় তুলে নেয়।

অন্যদিকে ইউল্যাব মাঠে প্রতিষ্ঠিত ব্যাটারদের দাপটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেটে ৩০৩ রানের বিশাল স্কোর গড়ে প্রাইম ব্যাংক। ওপেনার শাহাদাত দিপু (৭১), আজিজুল হাকিম তামিম (৭৮), শামীম পাটোয়ারী (৫১*) তিনজন পঞ্চাশের ঘরে পা রাখেন। এছাড়া অধিনায়ক আকবর আলী ২৬ আর আর আবু হায়দার রনি ৪২ রানের আরও দুটি ইনিংস খেলে দলকে ৩০০ পার করে দেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক স্পিনার আলিস আল ইসলামের ঘূর্ণিতে অসহায় আত্মসমর্পণ করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটাররা। আলিস আল ইসলাম ২১ রানে ৬ উইকেটের পতন ঘটালে গাজী গ্রুপ মাত্র ১০৫ রানে ইনিংস শেষ করে।

সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৪৬.৩ ওভারে ১৪৭/১০ (শাকির হোসেন শুভ্র ৩৭, কালাম সিদ্দিকী এলিন ১৩, নুহায়েল ২১, রাকিবুল আতিক ১৬, মাহফুজুর রাব্বি ৫/২৫, রাকিবুল ২/২২, বর্ষন ২/২৬)
আবাহনী: ২৫.৪ ওভারে ১৫৩/২ (জিসান ২৯, সৌম্য ৬৫, জাকের আলী ৪৪*, মাহফুজুর রাব্বি ১৩*)
ফল: আবাহনী ৮ উইকেটে জয়ী।


প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ৩০৩/৬ (শাহাদাত দিপু ৭১, আজিজুল হাকিম তামিম ৭৮, শামীম পাটোয়ারী ৫১*, আকবর আলী ২৬, আবু হায়দার রনি ৪২, মাহফুজুল ইসলাম ৪/৫১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩০.২ ওভারে ১০৫/৯ (রুবেল মিয়া ১৮, সালমান ২০, সাব্বির হোসেন শিকদার ৩৮, আলিস আল ইসলাম ৬/২১, আজিজুল হাকিম তামিম ২/১৮)
ফল: প্রাইম ব্যাংক ১৯৮ রানে জয়ী।

এআরবি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।