বিকেলে বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচ
বিশ্বকাপ প্রাক বাছাই এবং এশিয়ান কাপ ফুটবলের প্রথম দুটি ম্যাচের আগে নিজেদের অবস্থান পরখ করতে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও সিঙ্গাপুর রয়েছে সহজ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান। ই-গ্রুপে সিঙ্গাপুরের প্রতিপক্ষ জাপান, সিরিয়া, আফগানিস্তান ও কম্বোডিয়া। বাছাইপর্বের শক্ত বাধা পেরোতে ভালো ফুটবল খেলতে হবে বাংলাদেশকে। সিঙ্গাপুরকেও নজরকাড়া পারফরম্যান্স দেখাতে হবে। দু’দল বাছাইপর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আজ। সেই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর।
ম্যাচের আগে শুক্রবার দু’দল মুখোমুখি হয় মিডিয়ার। কিডনির সমস্যাজনিত কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি বাংলাদেশ দলের প্রধান ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘এ ম্যাচে জিতলে র্যাংকিংয়ে আমরা আরও এগিয়ে যাব। তাই জয়ের জন্যই মাঠে নামব।’ তিনি যোগ করেন, ‘আমরা ওদের খেলার ধরন জানি। ওরা সাধারণত ৪-৪-২ ফরমেশনে খেলে। এটা আমাদের মাথায় রয়েছে।’
ফিফা র্যাংকিংয়ে ১৬৯তম স্থানে থাকা বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছে ছয় ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর। তাও ১৯৭৩ সালের মারদেকা কাপে। ওই আসরে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। দীর্ঘ ৪২ বছর পর মুখোমুখি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার রোমাঞ্চের চেয়ে সিঙ্গাপুরের লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ের আগে নিজেদের পরখ করে নেয়া।
তবে প্রীতি ম্যাচ হলেও মাঠে প্রীতির আবহ থাকবে না বলে মনে করেন সিঙ্গাপুর দলের জার্মান কোচ বারেন্ট স্টেঞ্জ। তার কথায়, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য আমাদের এ ম্যাচটি খেলা খুবই দরকার ছিল। এ কারণেই এখানে আসা। আমার বিশ্বাস, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ম্যাচ।’ প্রতিপক্ষ বাংলাদেশ সর্ম্পকে জার্মান কোচ বলেন, ‘বাংলাদেশ ডার্ক হর্স। এখানে খেলতে আসার আগে আমি বাংলাদেশের খেলার কিছু ভিডিও ফুটেজ দেখেছি। যা দেখেই আমার কাছে ওদের ডার্ক হর্স মনে হয়েছে।’
এআরএস/এমএস