তারকাদের জন্য ক্রিকেটের আয়োজন করবে ব্রেভার
বিনোদন জগতের তারকা ও ক্রিকেটাদের জন্য সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল হবে। বাংলোদেশে এবারই প্রথম এ ধরনের ক্রিকেট হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হয়েছে। প্রাণ-এর জনপ্রিয় ব্র্যান্ড ব্রেভার, বিজ্ঞাপনী সংস্থা টপ অফ মাইন্ড এর আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) জি. এম কামরুল হাসান, টপ অপ মাইন্ড-এর সহযোগী প্রতিষ্ঠান স্পোর্ডিয়ামের প্রধান ফিন্যান্স কর্মকর্তা (সিএফও) সালমা আদিল, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রফিকুল হাসান, জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, ব্রেভারের সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক গিয়াস উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় ‘ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল আগামী ৮ ও ৯ জুন রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ ফেস্টিভাল জিটিভিতে সম্প্রচার করা হবে। ছয় পর্বের এ ক্রিকেট ফেস্টিভাল সম্প্রচার ঈদের দিন শুরু হয়ে চলবে ছয় দিন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, টেলিভিশন ও ক্রিকেট সেলিব্রেটিদের নিয়ে মোট ৬টি দল খেলায় অংশ নেবে। প্রত্যেক দলে থাকবে আটজন নিয়মিত খেলোয়াড় এবং চারজন বিকল্প খেলোয়াড়। নিয়মিত আটজনের মধ্যে থাকবে টেলিভিশন সাতজন ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্য থেকে একজন। প্রত্যেক দলে নারী-পুরুষ উভয় খেলোয়াড়ই অংশ নেবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ছয়টি দল মোট ১৫টি লিগ ম্যাচে খেলবে। যার মধ্যে দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ সময় প্রাণের চিফ মার্কেটিং অফিসার জি. এম কামরুল হাসান বলেন, প্রাণের পক্ষ থেকে আমরা সবসময় যেকোনো খেলার ব্যাপারে উৎসাহী। আমরা সবশেষ বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের গর্বিত স্পন্সর ছিলাম। আমরা পাকিস্তানকে বাংলাওয়াশ করে ছেড়েছি। আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চাই। মানুষের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। বিশেষ করে আমরা চাই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালের মাধ্যমে ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে। আমাদের বিশ্বাস এ ফেস্টিভালের মাধমে আমরা ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে পারবো।
সালমা আদিল বলেন, আমরা খেলাধুলর সঙ্গে থাকতে চাই। এজন্য একটি বিশেষ শাখাও খোলা হয়েছে। স্পোর্ডিয়াম নামের এই শাখার মাধ্যমে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ করতে চাই। রকিবুল হাসান বলেন, তারকা সব সময় ক্রিকেটর সঙ্গে। তবে এবার তাদের খেলার সুযোগ তৈরি হলো।
এসএ/বিএ/আরআইপি