‘বিয়ের আগে মোবাইল নয়’ শহিদ আফ্রিদির মন্তব্য নিয়ে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৪ মে ২০২৬

নানা সময়ে শহিদ আফ্রিদির নানা মন্তব্য নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক মন্তব্যের কারণে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার।

ইসলামাবাদে এক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আফ্রিদি শিশুদের লালন-পালন, মোবাইল ফোনের ব্যবহার এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু ধর্মীয় বা পার্থিব শিক্ষা যথেষ্ট নয়; শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আফ্রিদি মন্তব্য করেন, ‘বর্তমানে অনেক অভিভাবক সন্তানদের শান্ত রাখতে সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন হাতে তুলে দেন। অতিরিক্ত মোবাইল ব্যবহার একটি গুরুতর সমস্যায় পরিণত হচ্ছে।’

সাবেক এই ক্রিকেটার আরও জানান, তিনি তার মেয়েদের বিয়ের আগে মোবাইল ফোন ব্যবহার করতে দেননি। তার এই মন্তব্য নিয়েই আলোচনা-সমালোচনা হচ্ছে বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আফ্রিদির এই মন্তব্যে। অনেকেই মত দেন, শিশুদের প্রযুক্তি থেকে দূরে রাখার বদলে তাদের প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শেখানো প্রয়োজন।

কিছু ব্যবহারকারী আফ্রিদির মেয়েদের নিয়ে দেওয়া মন্তব্যকে কঠোর ও সেকেলে বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ ব্যঙ্গাত্মক ভঙ্গিতেও সমালোচনা করেছেন।

সূত্র: পাকিস্তান টুডে, ডেইলি পাকিস্তান

এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।