এশিয়ান অনূর্ধ্ব-১২ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ
আগামী ৭ থেকে ১০ আগস্ট ‘এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্ট-২০১৫’ এর খেলা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল অংশগ্রহণ করবে এবং এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল আগামী ৬ আগস্ট কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
শনিবার বিকাল ৩টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এশিয়ান অনূর্ধ্ব-১২ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণের কথা জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব বাদল রায়, বাফুফে সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য জনাব মো. ইলিয়াছ হোসেন, মো. ফজলুর রহমান বাবুল, সত্যজিৎ দাস রূপু, ডেভেলপমেন্ট কমিটির সদস্য জনাব মো. হাসানুজ্জামান খান বাবলু, খন্দকার রকিবুল ইসলাম ও বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দলের দায়িত্বপ্রাপ্ত কোচ মোস্তফা আনোয়ার পারভেজসহ খেলোয়াড়বৃন্দ।
আরটি/বিএ/আরআই