কোপা আমেরিকা : চিলি-মেক্সিকো ম্যাচ ড্র


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৬ জুন ২০১৫

কোপায় নিজের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সাথে ড্র করে পয়েন্ট নষ্ট করলো স্বাগতিক চিলি। আর্তুরো ভিদালের জোড়া গোলের পরও মেক্সিকোর সাথে ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিকরা।  

খেলার ২১ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ম্যাতিয়াস ভুসোর গোলে মেক্সিকোই প্রথম এগিয়ে যায়। তবে বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি তাদের। এক মিনিটের মাঝেই চিলিকে সমতা এনে দেন আর্তুরো ভিদাল। ২৯ মিনিটে হেড থেকে আবারো মেক্সিকোকে এগিয়ে নেন রাউল জিমেনেস। তবে ৪২ মিনিটে এদুয়ার্দো বার্গাসের হেডে সমতা ফিরিয়েই বিরতিতে যায় চিলি।

মধ্যবিরতির পর ফিরে ৫৪ মিনিটে ভিদাল মেক্সিকো বক্সে জেরার্দো ফ্লোরেসের ফাউলের শিকার হলে নিজের দ্বিতীয় গোলে পেনাল্টি থেকে চিলিকে এগিয়ে দেন। ম্যাচের ৬৬ মিনিটে আদ্রিয়ানোর বাড়ানো বলে ম্যাতিয়াস ভুসো মেক্সিকোকে সমতায় ফেরান। এরপরও দুটি গোল করেছিল চিলি। কিন্তু ভিদাল-সানচেজের গোল দুটি অফসাইডের খাঁড়ায় কাটা পড়ে। শেষপর্যন্ত কোন দলই আর জয়সূচক গোলটি জালে জড়াতে পারেনি।

এই ড্রয়ে দুই ম্যাচে একটি করে জয়-ড্র নিয়ে ৪ পয়েন্ট করে সংগ্রহ হলো ‘গ্রুপ-এ’ এর শীর্ষ দুই দলের। তবে গোল ব্যবধানে চিলির পরেই থাকছে বলিভিয়া। আর দুই ড্রয়ে তিনে মেক্সিকো।

এমআর/এমএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।