অবসর ভেঙে ওয়ানডেতে ফিরছেন মিসবাহ!
অবসর নিয়েও আবার দলে ফিরে আসাটা যেন পাকিস্তানিদের রক্তের সঙ্গে মিশে রয়েছে। বহু পাকিস্তানি ক্রিকেটার অবসর ভেঙে দলে ফিরে এসেছিলেন। আফ্রিদি তো ধরতে গেলে উঠতে-বসতেই অবসর নেন; কিন্তু ওয়ানডে থেকে অবসরের এক বছর পর আবার পাকিস্তানের ওয়ানডে দলে ফিরতে পারেন মিসবাহ-উল হক!
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বভার আফ্রিদির কাছ থেকে সরিয়ে দেয়া হতে পারে সরফরাজ আহমেদকে। পাকিস্তান দলে এখন তেমন কোন অভিজ্ঞ ক্রিকেটার নেই। পাশাপাশি দলের ড্রেসিং রুমেও বিরাজ করছে অরাজকতা। এমতাবস্থায় মিসবাহকে ফেরানোর পরিকল্পনা করছে পিসিবি। ২০১৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন মিসবাহ। টেস্টে ঈর্ষনীয় সাফল্যের পরে ওয়ানডেতেও তাকে দলে চাইছে পিসিবির একাংশ।
মিসবাহকে অধিনায়ক করা প্রসঙ্গে সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান এ বছর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত দেশে সফর করবে। এটা ভালোই হবে মিসবাহকে ওয়ানডেতে আবার ফেরানোটা। সরফরাজ ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়কের জন্য ভালো পছন্দ কিন্তু বর্তমানে পাকিস্তান দলে অভিজ্ঞ কাউকে দরকার, যে ড্রেসিং রুম সামলাতে পারবে। মিসবাহ যেটা পারবে, আজহার সেটা পারবে না।’
বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন আজহার আলী। তিনি এই ফরমেটে ভালো করলেও দলের অভিজ্ঞতা বাড়াতে ফেরানো হতে পারে মিসবাহকে।
আরআর/আইএইচএস/পিআর