রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স রেকর্ড ২.৪৫ বিলিয়ন পাকিস্তানি রুপিতে (২৪৫ কোটি) বিক্রি হয়েছে। সোমবার লাহোরে অনুষ্ঠিত নিলামে ওয়ালি টেকনোলজিস দলটির মালিকানা কিনে নেয়, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের ফ্র্যাঞ্চাইজি বিক্রির রেকর্ড।

নিলাম অনুষ্ঠানে সঞ্চালক ফাখর-ই-আলম জানান, বিজয়ী দরদাতা আগামী ১০ বছর দলটির মালিকানা ধরে রাখার বার্ষিক ফিও এই অর্থের অন্তর্ভুক্ত থাকবে।

নাম পরিবর্তনের ঘোষণা

নিলাম জয়ের পরপরই নতুন মালিক পক্ষ বড় চমক দেয়। ওয়ালি টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান তাহির ঘোষণা করেন, দলের নাম পরিবর্তন করা হবে। ‘একটি চমকের জন্য প্রস্তুত? আমরা নাম দিচ্ছি রাওয়ালপিন্ডি!’- নিলাম মঞ্চেই এমন ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মাহসিন নাকভি ওয়ালি টেকনোলজিসকে অভিনন্দন জানান এবং মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজির ধারণা বাস্তবায়নে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির অবদানের প্রশংসা করেন।

নাকভি বলেন, ‘মুলতান সুলতান্স নাজাম শেঠি সাহেবের সৃষ্টি। যিনি এই যাত্রা শুরু করেছিলেন, তিনি আজ এখানে আছেন- এটা আমাদের জন্য আনন্দের।’

নাজাম শেঠি তার বক্তব্যে এটিকে ‘স্বপ্নপূরণের মুহূর্ত’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই উচ্চ দর পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় অর্জন। তিনি ইঙ্গিত দেন, পিএসএলের বাইরেও শিগগিরই আরও সুখবর আসতে পারে।

পরে সংবাদ সম্মেলনে নাকভি বলেন, নতুন মালিক এত বড় অঙ্কের অর্থ দেওয়ার পর তাকে পুরনো নাম রাখার জন্য বাধ্য করা সম্ভব নয়। ‘যিনি ২.৪৫ বিলিয়ন রুপি দিচ্ছেন, তাকে আমি বলতে পারি না যে নাম মুলতান সুলতান্স’ই রাখতে হবে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, মূলত এক বা দুই বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিটি বাজারে তোলার পরিকল্পনা ছিল, তবে বাজারে ভালো সাড়া পাওয়ায় দীর্ঘমেয়াদি মালিকানার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ব্র্যান্ডের বয়স কম এবং এর সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তবুও বিষয়টি নিয়ে সমাধান খোঁজা হবে বলে জানান নাকভি।

উদ্বোধনী দর ১.৮২ বিলিয়ন রুপি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এটি সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সর্বোচ্চ দর (১.৮৫ বিলিয়ন রুপি) বিবেচনা করেই ঠিক করা হয়েছিল।

ওয়ালি টেকনোলজিস একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা মিডিয়া, ফাইন্যান্স ও প্রযুক্তি খাতে কাজ করে। এর আগে প্রতিষ্ঠানটি পিএসএলের লাইভস্ট্রিমিং অধিকারও অধিগ্রহণ করেছিল।

২০১৭ সালে ‘মুলতান সুলতান্স’ নামে যাত্রা শুরু করে দলটি। টানা আটটি আসরে অংশ নিয়ে ২০২১ সালে পিএসএল শিরোপা জেতে তারা। গত বছরের নভেম্বরে ফ্র্যাঞ্চাইজিটি মালিকবিহীন হয়ে পড়ে, যখন পিসিবি আগের মালিক আলি খান তারিনের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। এরপর বোর্ড নিজেই আসন্ন মৌসুমের জন্য দলটির দায়িত্ব নেয়।

১৪ জানুয়ারি নতুন মালিকানা পাওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ৩ ফেব্রুয়ারি কারিগরি মূল্যায়ন সম্পন্ন হয়।

আইসিসির একটি প্রতিনিধিদলের সঙ্গে চলমান বৈঠক প্রসঙ্গে নাকভি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে মূল বিষয়টি ছিল বাংলাদেশের অবস্থানকে গুরুত্ব দেওয়া।

‘বাংলাদেশ আমাদের ভাই। তাদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করতে চাইনি। বিষয়টি এখন এমন পর্যায়ে আছে, যেখানে বেশি কিছু বলা ঠিক হবে না। সময় হলে আমরা জানাব,’ বলেন তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।