সেমিতে হারের দুঃখ ভুলতে আইপিএল নিয়ে মেতেছে ভারতীয়রা


প্রকাশিত: ১১:২১ এএম, ০২ এপ্রিল ২০১৬

আগামী ৯ এপ্রিল মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। আর আগামীকাল রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। অথচ বিশ্বকাপের ফাইনাল নিয়ে কোন আগ্রহই নেই স্বাগতিক ভারতীয়দের। টি-টোয়েন্টির বর্তমান সময়ের সেরা দুটি দল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হচ্ছে ফাইনালে। জমজমাট এই ফাইনাল রেখে এখনই আইপিএল নিয়ে মেতেছে ভারতীয়রা।

শুক্রবার সকালে কলকাতার সাউথ সিটি মলে আইপিএলের ট্রফি রাখা হয়। বিশ্বকাপ ফাইনালের আগে তাই আইপিএলের স্বাদ নিতে ক্রীড়ামোদীরা ভীড় করেন সেখানে৷ আইপিএলের ট্রফি নিজের চোখে দেখার সঙ্গে সঙ্গে অনেকেই ছবি ও সেলফি তুলে স্মরণীয় করে রাখলেন সে মুহূর্তগুলো।

পুণে, হায়দারাবাদ, রায়পুর এবং দিল্লি ঘুরে ট্রফিটি বর্তমানে পা রেখেছে তিলোত্তমায়৷ কচিকাঁচা থেকে আবাল-বৃদ্ধরাও আইপিএলের ট্রফি দেখার আনন্দে মাতোয়ারা হলেন এদিন৷ এবারের আইপিএলের টাইটেল স্পনসর ভিভোর পক্ষ থেকে টুর্নামেন্ট বিষয়ক বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়। সাউথ সিটি শপিং মলে আসা উৎসাহী দর্শকরা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছেন।

অথচ এ সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই মাতার কথা ভারতীয়দের; কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হৃদয় ভাঙে তাদের। ঘরের মাঠে অন্যের খেলার দর্শক হতে চাইছেন না অনেকেই। এ জন্য সাউথ সিটিতে আইপিএল ট্রফি দেখতে ঢল নামে দর্শকদের। এদিন রাত নয়টা পর্যন্ত মলে ট্রফিটি থাকে৷ এরপর রাতেই মুম্বাই নিয়ে যাওয়ার কথা রয়েছে ট্রফিটি।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক ম্যাচে মুখোমুখি হবে পুণে ও মুম্বাই। এর পরদিন ইডেনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লির বিপক্ষে খেলবে কলকাতা।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।