ইউপি নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে মামলা হবে


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতা ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, আজ হোক কাল হোক যারা এই সহিংসতা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের সময় যত লোক মৃত্যুবরণ করেছিল নির্বাচনী সহিংসতায় তার চেয়ে কোনো অংশে কম লোক  মারা যায়নি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না।”

প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দিন আহমদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন অনেক শিক্ষিত হলেও তার বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই। একটু লজ্জা ও বিবেক বোধ থাকলে একটি দিনও এই পদে থাকত না।

রিজার্ভ ব্যাংকের টাকা চুরির প্রসঙ্গে তিনি বলেন, “শুধু পদত্যাগের মাধ্যমেই গভর্নরের পাপ মোচন হয়নি। এই স্থান থেকে পৃথিবীর আর কোনো দেশে টাকা চুরি হয়নি। তার (আতিউর রহমান) দায়িত্ববোধ থাকলে তিনি সঠিক কথা বলে পদত্যাগ করতেন। যারাই জড়িত থাকুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করবেন না।”
 
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুতফর রহমান, সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহহিল মাসুদ প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।