৪০ মুক্তিযোদ্ধার নামে গেজেট নিয়ে হাইকোর্টের রুল


প্রকাশিত: ১০:০০ এএম, ০৫ এপ্রিল ২০১৬

৪০ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে কেন গেজেট প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এই ৪০ মুক্তিযোদ্ধা পাবনা জেলার সুজানগর উপজেলার অধিবাসী।

এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আমিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী তৌফিক ইনাম টিপু বলেন, ২০১৪ সালের ১৭ নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত এবং ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সরকার কর্তৃক গঠিত ‘জেলা যাচাই কমিটি বাছাই কমিটি’ প্রকৃত মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির অনুমোদন ও সুপারিশ করে চিঠি পাঠায়।

এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ১৬ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে ৪০ মুক্তিযোদ্ধা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। মঙ্গলবার ওই রিটের শুনানি করার পরে আদালত রুল জারি করেন।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।